পিরোজপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার সকালে শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে জেলা প্রশাসনের আয়োজনে একটি আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মাঠের স্বাধীনতা চত্বরে শিশু মেলা প্রাঙ্গনে মিলিত হয় এবং শিশু মেলার উদ্বোধন করা হয়।
মেলা প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসনে, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, শিল্পকলা একাডেমীর সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু প্রমুখ। পরে অতিথিবৃন্দ জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসহ সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী আয়োজিত এ শিশু মেলায় অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের কবিতা আবৃতি, রচনা, শিশু নাট্য ও চিত্রাংকন প্রতিযোগীতাসহ বঙ্গবন্ধুর জীবনভিত্তিক শিশু চলচ্চিত্র প্রদর্শণী।
এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার পিরোজপুর সরকারী শিশু পরিবার সকালে পৃথক আনন্দ র্যালী, কেক কাটা, ৯৯টি বেলুন উড়ানো, আলোচনা সভা, রচনা লেখা পতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
