মঠবাড়িয়ায় পুলিশ কর্মকর্তাসহ সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশ কর্মকর্তা ও এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দুই বাড়ি থেকে আনুমানিক ৭ লাখ টাকার মালামাল লুটে নেয়।
ভূক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত ৩ টার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল উপজেলার বাদুরা গ্রামের সৈয়দ শরীফ নামে সৌদি প্রবাসির ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকতরা নগদ ৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় গৃহবধূ রোকেয়া বেগম আহত হয়।
পরে ডাকাতদল একই গ্রামের ভোলা জেলা সদরে টাউন পুলিশে কর্মরত (টিএসআই) আ. গনির গ্রামের বাড়ি হানা দেয়। এসময় ডাকাতরা ঘরের কলাপসিপল গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে পরিবারের লোকজনকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার, দুইটি মোবাইল সেটসহ মালামাল নিয়ে পালিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ইনেসপেক্টর (তদন্ত) মো. মাজহারুল আমীন ডাকাতির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।
