রবিবার সরস্বতী পূজা
রবিবার সরস্বতী পূজা। বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত এবং শিক্ষার্থীরা।
অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।
‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহ তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর পূজা অর্চনা করে থাকে।
শিক্ষার্থীরা দেবীর পাদপদ্মে অঞ্জলি দেবেন। প্রণতি জানাবেন অজ্ঞতার অন্ধকার দূর করার। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে অনেক স্থানে।
মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আলোকসজ্জা প্রভৃতি।
প্রতি বছরের মত এ বছরও পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। সকাল থেকে শুরু হবে পূজার্চনা ও অঞ্জলি।
