কাউখালীতে কৃষি জমির অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন
পিরোজপুরের কাউখালীতে সরকারী নিয়ম ভঙ্গ করে কৃষি জমির ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায় করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতি ও আসপর্দী, উজিয়াল খান ও কচুয়াকাঠী এলাকার জনগণ।
মঙ্গলবার দুপুরে কাউখালী উপজেলা ভূমি অফিসের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক ক্ষেত মজুর সমিতির পিরোজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, মিলন হালদার, অনন্ত সিকদার প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন, কাউখালী সদর ইউনিয়নের আসপর্দী, উজিয়াল খান ও কচুয়াকাঠী মৌজার জমির মালিকদের কাছ থেকে প্রতি শতাংশে ৫/১০ টাকা হারে টাকা আদায় করে আসছে এবং খাজনা আদায়ের নামে হয়রানী করা হচ্ছে। তারা বলেন, সরকার গত ৩০ জুন ২০১৫ সালে ভূমি উন্নয়ন কর এর পরিবর্তিত হার নির্ধারন করে সেই মোতাবেক খাজনা আদায়ের প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে উল্লেখ আছে, কৃষি জমি পৌর কিংবা গ্রাম যে এলাকাতে হোক না কেন ২৫ বিঘা (৮.২৫ একর) পর্যন্ত কোন ভূমি উন্নয়ন কর দিতে হবে না। কিন্ত কাউখালী ভূমি অফিসের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়ম নীতি ভঙ্গ করে খাজনা আদায় করে আসছেন। তারা অবিলম্বে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
