প্রধান সূচি

নাজিরপুর উপজেলা চেয়ারম্যানসহ ৭ বিএনপি নেতা জেলা হাজতে

পিরোজপুরের নাজিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করীম লিটনসহ বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকে সোমবার বিকেলে জেলা হাজতে পাঠিয়েছে আদালত।

নাশকতা চেষ্টার অভিযোগে নাজিরপুর থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় সোমবার পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান তাদের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে প্রেরণ করেন। এর আগে উক্ত মামলায় আসামীরা হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিন পান। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা নিম্ন আদালতে হাজির হয়ে এ জামিনের প্রার্থনা করেন।

জেল হাজতে যাওয়া অন্য আসামীরা হলেন, নাজিরউপর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহীন, সাবেক সাধারণ সম্পাদক আবু হাসান খান, বিএনপি নেতা আবু সাঈদ খান, মো. মঞ্জু ও উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তাওহিদুল ইসলাম।
আদালতের পিপি এডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, নাজিরপুর থানায় নাশকতা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত শুনানী শেষে নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা নজরুল ইসলাম খানসহ ৭ জনকে করাগারে প্রেরণ করেছে। আসামীরা এর আগে হাইকোর্টে দেয়া জামিনে ছিলেন। হাইকোর্টে দেয়া জামিনের সময় শেষ হওয়ায় তার পিরোজপুর জজ আদালতে জামিনের প্রার্থনা করেছিল।

উল্লেখ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতা করার অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর নাজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খানসহ ১২ জন নামীয় ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে নাজিরপুর থানায় এস. আই জসিম উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial