ভান্ডারিয়ার ধর্ষণ মামলার আসামী সজল হত্যা ৯ জনকে আসামী করে কাঠালিয়া থানায় মামলা
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামী সজল হত্যা ঘটনায় সোমবার রাতে ৯ জনকে আসামী করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত সজলের বাবা শাহ আলম জোমাদ্দার। মামলায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের কালাম মৃধা, মেয়েটির মামা হাবিব বয়াতি, ফুপা ইলিয়াস, মেয়েটির মাদ্রসার শিক্ষক মিজানুর রহমান মিঠু এবং মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার অপর আসামী সুমন মোল্লার বাবা কালাম মোল্লাকেসহ ৯জনকে আসামী করা হয়েছে। মামলায় সজলের বাবার অভিযোগ, তার ছেলেকে অপহরণ করে হত্যা করা হয়েছে । হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই ৯ জনকে আসামী করা হয় বলে কাঠালিয়া থানা ওসি এনামূল হক জানান।
গত ২৬ জানুয়ারি শনিবার দুপুরে কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের একটি বাগানের পাশের মাঠ থেকে ভান্ডারিয়ার মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামী সজল জোমাদ্দারের লাশ উদ্ধার করে কাঠালিয়া থানা পুলিশ। নিহতের গলায় সুতা দিয়ে ঝুলানো একটি চিরকুটে লেখাছিল তার নাম সজল। মাদ্রাসা ছাত্রী ধর্ষণে তার এই পরিনতি।
