মোংলার পশুর চ্যানেলে বালু বোঝাই বাল্কহেড ডুবি
বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে এম.বি জুবায়ের নামক বালু বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। মঙ্গলবার গভীর রাতে প্রচন্ড স্রোতের টানে নোঙ্গরের শিকল ছিড়ে পিছনে থাকা অপর আরেকটি নৌযানে সাথে ধাক্কা লেগে ডুবে যায় বাল্কহেডটি। তবে বাল্কহেডে থাকা ৯জন ষ্টাফ সাঁতরিয়ে উপরে উঠতে সক্ষম হয়।
নৌযানটি সুনামগঞ্জ থেকে ১৪ হাজার ফুট লাল বালু বোঝাই করে খুলনা যাচ্ছিল। তবে ঘটনায় পর বুধবার বিকেল পর্যন্ত ডুবে যাওয়া বাল্কহেডটির উদ্ধার তৎপরতা শুরু হয়নি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি বাহারুল ইসলাম বাহার সাংবাদিকদের বলেন, খুলনা যাওয়ার পথে মঙ্গলবার রাতে মোংলা বন্দরের পশুর নদীর বানীশান্তা এলাকায় নোঙ্গর করে অবস্থান নেয় বালু বোঝাই বাল্কহেডটি। গভীর রাতে স্রোতের টানে বাল্কহেডটির নোঙ্গরের শিকল ছিড়ে পিছনে থাকা একটি টাগ বোটের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বালু বোঝাই বাল্কহেডটি ডুবে যায়। নৌযানটিকে উদ্ধারের জন্য মালিকপক্ষ বরিশাল থেকে দুপুরে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানান এ শ্রমিক নেতা
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার দুরুল হুদা বলেন, নৌযানটি ডোবার পরে বুধবার সারাদিন চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক ছিল। আমরা বাল্কহেডটি অবস্থান সনাক্তে কাজ শুরু করেছি। অবস্থান নিশ্চিত করার পরে বলা যাবে যান চলাচলে কোন বাঁধা সৃষ্টি হবে কি না।
