মঠবাড়িয়ায় স্কুল থেকে ১৭টি ল্যাপটপ চুরি
মঠবাড়িয়া উপজেলার সাপলেজা মডেল হাই স্কুল ল্যাব থেকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে রহস্যজনকভাবে ১৭টি সরকারি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর চুরি হয়েছে। বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব রুম থেকে কম্পিউটার চুরির ঘটনায় স্কুলের নৈশ প্রহরী সজিব গাইনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদ খান জানান, বৃহস্পতিবার রাতে স্কুলের দ্বিতল ভবনে অবস্থিত কম্পিউটার ল্যাবের দরজার তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের দল ল্যাব রুমে প্রবেশ করে ল্যাব রুম থেকে এইচপি ব্রান্ডের ১৭টি ল্যাপটপ ও একটি প্রজেক্টর চুরি করে পালিয়ে যায়। শুক্রবার সকালে স্কুলের শিক্ষকরা ল্যাব রুমের তালা ভাঙ্গা দেখতে পেয়ে থানা পলিশকে খবর দেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ শওকাত আনোয়ার জানান, স্কুলের নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আশা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
