পিরোজপুরে নৌকার পক্ষে এমপি আউয়ালের মিছিল
অবশেষে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন পিরোজপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। বৃহস্পতিবার বিকেলে তিনি নেতাকর্মীদের নিয়ে শহরে নৌকার পক্ষে মিছিল বের করেন। এ সময় তিনি নৌকা মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।
এমপি আউয়াল এদিন বিকেলে তার সমর্থকদের নিয়ে শহরে আওয়ামী লীগের প্রার্থী শ.ম রেজাউল করিমের পক্ষে প্রচারণায় অংশ নেন। শহরের পাড়েরহাট সড়কস্থ তার বাসভবন থেকে একটি মিছিল বের হয়ে শহরের সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন এমপি এ কে এম এ আউয়াল। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আকতারুজ্জামান ফুলু, যুবলীগ নেতা ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো, রফিকুল ইসলাম সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। 
মিছিলের শুরুতে এ কে এম এ আউয়াল বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার ভূমিকা বিশ^ব্যাপী প্রশংসিত। দেশকে সামগ্রিক উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে কাঙ্খিত লক্ষে পৌছে দিতে শেখ হাসিনার ভূমিকা অপরিসীম। বিগত ১০ বছরে পিরোজপুরের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিানর ভিশন-২০৪১ বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে নৌকা মার্কায় ভোট দিন।
