পিরোজপুরে ৩টি আসনে ৩০ জনের মনোনয়নপত্র দাখিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর- নেছারাবাদ) আসনে ১১ জন, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ৬ জন এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১৩ জন মনোনয়পত্র দাখিল করেছেন।
পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ কে এম এ আউয়াল (স্বতন্ত্র) এবং আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার সরোয়ার হোসেন, ২০ দলীয় জোটের প্রার্থী জাতীয় পার্টি (কাজী জাফর) এর ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা জামাল হায়দার এবং শামীম বিন সাঈদী, বাম গণতান্ত্রিক জোট প্রার্থী ডা. তপন বসু (সিপিবি), ইসলামী আন্দোলনে হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ, মো. নজরুল ইসলাম (জাতীয় পার্টি-এরশাদ), মনি মোহন বিশ্বাস (বিএনএফ) ও মেহেদী হাসান রনি (এনপিপি) মনোনয়নপত্র জমা দেন। 
বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট শ. ম. রেজাউল করিম মনোনয়নপত্র জমা দান কালে পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার, সাবেক এমপি মো. শাহ আলম, আওয়ামী লীগ নেতা ইসাহাক আলী পান্নাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আসিফ মাহমুদের কাছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি এ কে এম এ আউয়ালের পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার ছোট ভাই সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু। 
সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে শামীম বিন সাঈদীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তার ভাই ইন্দুরকানি উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
পিরোজপুর-২ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু’র পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ আসনে বুধবার ২০ দলের মো. মোস্তাফিজুর রহমান (লেবার পার্টি), বিএনপি’র আহমেদ সোহেল মঞ্জুর সুমন (বিএনপি), বাম গণতান্ত্রিক জোট আব্দুল হামিদ হাওলাদার (সিপিবি), আবুল কালাম আজাদ (ইসলামী আন্দোলন) এবং রেজাউল করিম গাজী (বিএনএফ) মনোনয়নপত্র দাখিল করেছেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বুধবার রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজের কাছে কর্মী-সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে এ মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। এতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৭ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীসহ ৬ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এরা হলেন, মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি (এরশাদ) কেন্দ্রীয় নেতা ও বর্তমান সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী, বিএনপি’র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক বন ও পরিবেশ সম্পাদক কর্ণেল শাজাহান মিলন।
আওয়ামী লীগের নৌকার মনোনয়ন বঞ্চিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুর রহমান উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচিত সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. আনোয়ার হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বাচিপ নেতা ডা. এম নজরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জেলা সিপিবি সভাপতি এডভোকেট দিলীপ কুমার পাইক, ইসলামী আন্দোলনের মো. ছগির হোসেন, ওয়াকার্স পার্টির মো. ফিরোজ আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল লতিফ সিরাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আবু তারেক মৃধা, সুধীর রঞ্জন বিশ^াস ও মো. রিয়াজ উদ্দিনসহ মোট ১৩ জন প্রার্থী মনোয়নয়ন পত্র দাখিল করেছেন।
