প্রধান সূচি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাগেরহাটের বড় দুই দলে কোন্দল

বাগেরহাটে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে জেলার ৪টি আসনে দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য দল থেকে ৬০ জন মনোনয়নপত্র কিনেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৩০ জন, বিএনপির ২২ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ৪ জন এবং জামায়াতে ইসলামীর ২ জন (স্বতন্ত্র হিসেবে) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বর্ষীয়ান ও প্রবীণ বেশ কয়েকজন নেতা।

এছাড়াও দেশবরেন্য অনেক তরুণ আলোচিত নেতাও প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিক্রয় ও জমাদান প্রক্রিয়া শেষ হলেও অন্য দলের মনোনয়ন বিক্রয় চলছে বেশ জোরেসোরেই। দলীয় মনোনয়ন কেনা ও চূড়ান্তভাবে দলের প্রার্থী মনোনিত হতে বাগেরহাট জেলা ও উপজেলার অসংখ্য নেতারা এখন ঢাকায় অবস্থান করছেন। তাই শেষ মুহুর্তে কে চুড়ান্ত প্রার্থী মনোনিত হবেন সেটা জানতেই প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা।

এদিকে, দলীয় মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে বাগেরহাটে প্রকাশ্যে আসতে শুরু করেছে বড় দুই দল অওয়ামী লীগ ও বিএনপির আভ্যন্তরিন কোন্দল। দলের কোন্দলের বিষয়টি নিয়ে এ দুই দলের নেতারা প্রকাশ্যে এতদিন কিছু না বললেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম কেনার মধ্য দিয়ে আভ্যন্তরিন কোন্দল এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। তাই বাগেরহাটের ৪টি আসনেই বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থীর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিয়ে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ ভোটারদের মধ্যে চলছে জল্পনা-কল্পনা। তবে সব জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে শেষ মূহুর্তে কে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবে সেটিই এখন দেখার বিষয়।

বাগেরহাট-১ আসন (চিতলমারী-ফকিরহাট-মোল্লাহাট) ঃ চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-১ আসন থেকে ৪ বারের সংসদ সদস্য একমাত্র আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল উদ্দীন। বিএনপির পক্ষে মনোনয়ন কিনেছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু, চিতলমারী উপজেলা বিএনপির মহিলা দলের নেত্রী রুনা গাজী, জাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ স্বপন, বিএনপি নেতা মাসুদ রানা, রবিউল ইসলাম, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা শরিফুল কামাল কারিম ও আহসান হাবিব ঠান্ডা। এ আসন থেকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আল জুবায়ের এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. লিয়াকত আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাগেরহাট-২ আসন (বাগেরহাট সদর ও কচুয়া) : বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত বাগেরহাট-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান এমপি মীর শওকত আলী বাদশা, শেখ হেলাল উদ্দিনের একমাত্র ছেলে শেখ সারহান নাসের তন্ময়, সাবেক সংসদ সদস্য মীর সাকাওয়াত আলী দারুর স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্যের ভাবী ফরিদা আক্তার বানু লুসী, তার (মীর সাকওয়াত আলী দারুর) মেয়ে মীর জেনিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ বশিরুল ইসলাম, আকতারুজ্জামান বাচ্চু, কচুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শিকদার আবুবক্কর সিদ্দিক, হাসিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান মিঠু ও তরুন কান্তি দাস। এ আসন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি মনিরুল ইসলাম খান, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এটিএম আকরাম হোসেন তালিম, ব্যারিস্টার জাকির হোসেন, শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলী, যুবদল নেতা সুজাউদ্দিন মোল্লা সুজন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা সহ-সভাপতি মাস্টার ইদ্রিস আলী মৃধা।

বাগেরহাট-৩ আসন (রামপাল-মোংলা) : রামপাল ও মোংলা উপজেলা নিয়ে বাগেরহাট-৩ আসন গঠিত। এই আসন থেকে আওয়ামী লীগের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খুলনা সিটি করর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার, চিত্র নায়ক শাকিল খান, ব্যারিস্টার ওবায়দুর রহমান, শেখ মো. আবু হানিফ, ইকবাল লতিফ হাসান, ইব্রাহিম হোসেন, সুনিল কমার বিশ্বাস, শরিফুল ইসলাম বিথি ও ইদ্রিস আলী ইজারাদার। এ আসন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. লায়ন ফরিদুল ইসলাম, শামিম রহমান ও মংলা পৌরসভার মেয়র জুলফিকার আলী। জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট আবদুল ওয়াদুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করছেন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে মাওলানা মো. শাহজালাল সিরাজী দলীয় মনোনয়ন কিনেছেন।

বাগেরহাট-৪ আসন (শরণখোলা-মোড়েলগঞ্জ) : এই আসনে আওয়ামী লীগের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি বর্তমান এমপি ডা. মোজ্জাম্মেল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল আলম মিলন, পুলিশের সাবেক এআইজিপি অধ্যাপক আব্দুর রহিম খান, এডভোকেট প্রবীর রঞ্জন হালদার, এম আর জামিল হোসাইন, কামাল উদ্দিন আকন, এম এমদাদুল হক, এইচ এম রানা। এই আসনে বিএনপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির নেতা খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় বিএনপি নেতা ড. ওবায়দুল ইসলাম, এডভোকেট ফারজানা নিপা, ড. কাজী মনিরুজ্জামান, শরিফ মোস্তাফা জামাল লিটু ও মনিরুল এক ফরাজী। জাতীয় পার্টির পক্ষে মনোনয়ন কিনেছেন কেন্দ্রীয় নেতা সোমনাথ দে। জামায়াত নেতা বাগেরহাট কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুল আলীম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাওলানা আব্দুল মজিদ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial