প্রধান সূচি

স্বরূপকাঠী বাগানের মধ্যে ব্রিজ নির্মান !

স্বরূপকাঠী উপজেলার জলাবাড়ি খালের উপর কালভার্ট নির্মানের এক বছর অতিবাহিত হলেও নির্মান করা হয়নি সংযোগ সড়ক। ৫৯ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে বাগানের মধ্যে নির্মান করা ওই ব্রিজটির সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না মানুষের। গত ২০১৬-১৭ অর্থ বছরে ত্রাণ দপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৪০ ফুট দীর্ঘ ওই কালভার্টটি নির্মান করা হয়। গত এক বছর আগে ঠিকাদার কালভার্ট নির্মান কাজ শেষ করে চলে গেলেও সংযোগ সড়ক নির্মানের প্রয়োজন বোধ করেনি সংশ্লিষ্টরা। কাজের সাব কন্ট্রাক্টর আব্দুর রশিদ বলেন, সংযোগ সড়ক নির্মান কাজ ব্রিজের সাথে ধরা নেই বলে করা হয়নি।

এ বিষয়ে জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল বলেন, ওই ব্রিজের ঠিকাদার এপ্রোসের মাটি ভরাটের কাজটিই সম্পন্ন করেনি। এখন আমাকে বাধ্য হয়ে মানুষের চলাচলের স্বার্থে সংযোগ সড়ক তৈরী করে দিতে হবে।

জানা গেছে, গত ২০১৬-১৭ অর্থ বছরে ওই কালভার্ট নির্মানের কাজ পায় মেসার্স সুভাষ এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে সুভাষ এন্টারপ্রাইজ এর কাছ থেকে কাজটি কমিশনে কিনে নিয়ে বাস্তবায়ন করেন সোহাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ ও সুটিয়াকাঠি ইউপি চেয়ারম্যান মো. গাউস মিয়া তালুকদার।

সংযোগ সড়ক নির্মান করা হয়নি কেন জানতে চাইলে সাব কন্ট্রাক্টর আব্দুর রশিদ বলেন, আমরা শুধু কালভার্ট নির্মানের কাজ পেয়েছি এবং সেটি যথাযথভাবে সম্পন্ন করেছি। সংযোগ সড়ক ব্রিজের সাথে ধরা নেই বলে করাও হয়নি। মূল সড়ক এড়িয়ে বাগানের মধ্যে ব্রিজ নির্মান করার কারণ জানতে চাইলে আব্দুর রশিদ বলেন, বড় খালের ভাঙ্গনের কারণে স্থান পরিবর্তন করতে হয়েছে। প্রাক্কলনে কালভার্টের সাথে সংযোগ সড়ক নির্মান কাজ ধরা আছে কিনা জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম হোসেন বলেন, দুই পাড়ে মাটি ভরাটসহ কিছু এ্যাপ্রোস সড়ক নির্মান কাজ ধরা থাকে। সে এ্যাপ্রোস সড়ক করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন না দেখে এখন কিছু বলতে পারবো না।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial