সরকারের উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন শ ম রেজাউল করিম
বর্তমান সরকারের বিগত ১০ বছরের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের চিত্র তুলে ধরে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম।
সোমবার বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার তৈয়বেরহাট বাজারে শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি নেতা-কর্মী ও সমর্থকসহ উপস্থিত জনতাকে এ আহবান জানান।
এসময় শ. ম. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের রাজনীতি করে, কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না, আপনারা নিজের বিবেক দিয়ে বিচার করে দেখবেন, কোন সরকারের সময় দেশে বেশী উন্নয়ন হয়। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে। নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। দল থেকে যাকেই মনোনয়ন দেয়া হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করবো। তবে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা কোন দুর্নীতিবাজকে আর মনোনয়ন দিবেন না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দল থেকে আমিও মনোনয়ন চাইবো। দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে পিরোজপুরকে দুর্নীতি মুক্ত করে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে অবহেলিত জনপদের উন্নয়ন করবো।
শাখারীকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান গাউসের সভাপতিত্বে এবং নাজিরপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল-আমিন খানের সঞ্চালনায় অনুুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিয়ার রহমান চৌধুরী নান্নু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল ইসলাম সাইফ, আওয়ামী লীগ নেতা সূখরঞ্জন বেপারী, মনিন্দ্রনাথ দাস প্রমূখ।
এসময় পিরোজপুর জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা স্বপন, কবির হোসেন বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জুসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে শ. ম. রেজাউল করিম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গভীর রাত পর্যন্ত শাখারীকাঠী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শক করে পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
