শরণখোলায় অপহরণের ১১ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার ॥ গ্রেফতার-১
বাগেরহাটের শরণখোলায় অপহৃত ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী (১৫) অপহরণের ১১ দিন পরে উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে থানায় মামলা দায়ের হওয়ার পর ঘটনায় মূল আসামী রনি (১৯)কে পুলিশ গ্রেফতার করেছে। গত ৩০ সেপ্টেম্বর স্কুলে যাবার পথে উপজেলার উত্তর রাজাপুর এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, সকাল ৮টার দিকে উত্তর রাজাপুরের নিজ বাড়ি থেকে ওই ছাত্রী রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যাবার পথে একই গ্রামের সুলতান ফরাজীর ছেলে রনি ফরাজীরে নেতৃত্বে ৬ অপহরণকারী তাকে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। গোপন সুত্রে খবর পেয়ে এসআই আবুল বাশারে নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী রনি ও ভিকটিমকে উদ্ধার করে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার সরকার জানান, এ ঘটনায় রনিসহ ৬ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রনিকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
