গ্রেনেড হামলা মামলার রায়ে বাগেরহাটে আনন্দ মিছিল
একুশ আগষ্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর বাগেরহাটে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।
বুধবার দুপুরে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ করে। বৃষ্টির মধ্যে আনন্দ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও সেচ্ছাসেবক লীগের কয়েক’শ নেতাকর্মী অংশ নেন। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে জামায়াত বিএনপি পরিকল্পিতভাবে ওই গ্রেনেড হামলা চালিয়েছিল। ১৪ বছর পরে এই মামলার রায়ে আদালত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২০ জনকে মৃত্যুদন্ড দেয়ায় সন্তোষ প্রকাশ করলেও মূল আসামী তারেক রহমানের মৃত্যুদন্ড না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে এই রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন প্রমূখ।
এদিকে, রায়কে ঘিরে বাগেরহাটে সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা হাতে নিয়েছে। পুলিশের পোষাক ও সাদা পোষাকধারী অন্তত ২০টি দল শহরের বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
