প্রধান সূচি

সহস্রাধিক মানুষ পানিবন্দী : তলিয়ে গেছে ধান ক্ষেত

শরণখোলায় বেরিবাঁধ বিধ্বস্ত হয়ে ২০টি পয়েন্ট ঝুঁকিতে

বাগেরহাটের শরণখোলায় পাউবো’র ৩৫/১ পোল্ডারের বগী ও গাবতলা এলাকার ১শ’ মিটার বেড়িবাঁধ দেবে গেছে। সেখান থেকে নদীর জোয়ারের পানি প্রবেশ করে অন্ততঃ ২শ’ বাড়ি-ঘরের সহস্রাধিক মানুষ পানিবন্দী হয়েছে। ফসলের মাঠ তলিয়ে গেছে এবং পুকুরের মাছ ভেসে গেছে। এদিকে, ওই এলাকার আরো ২০টি পয়েন্টে ফাটল দেখা দেয়ায় দেবে যাবার আশংকা রয়েছে। ফলে এলাকাবাসীর মাঝে আতংক দেখা দিয়েছে।

সরেজমিনে ওই এলাকা ঘুরে এলাকাবাসীর সাথে আলাপকালে জানা যায়, মঙ্গলবার ভোরে হঠাৎ বেড়িবাঁধের ওই অংশের ১শ’ মিটার বিধ্বস্ত হয়। এসময় জোয়ারের পানি প্রবেশ করে বিস্তির্ন এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বগী গ্রামের খালেক হাওলাদার, সামসু সিকদার ও মতি মল্লিক জানান, তারা এবারে ইরি ৫২ জাতের ধান চাষ করেছে। তা পানিতে তলিয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা করেছেন। ওই গ্রামের বেলাল হোসেন জানান, অন্যান্যদের মতো তার পুকুরে চাষ করা মাছ ভেসে গেছে।

বগী এলাকার ইউপি সদস্য রিয়াদুল পঞ্চায়েত জানান, পাঁচ শতাধিক একর জমির ইরি ফসল তলিয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ন সাউথখালী এলাকায় বেড়িবাঁধের কাজ অগ্রাধিকার দিয়ে না করে, কাজ করা হচ্ছে অপেক্ষাকৃত ঝুঁকিমুক্ত সোনাতলা, রসুলপুরসহ বিভিন্ন এলাকায়। ফলে সাউথখালী ও বগী এলাকায় বারবার বেড়িবাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে বিস্তির্ন এলাকা তলিয়ে ওই এলাকাবাসী ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে। বেড়িবাঁধ প্রকল্পের প্রকৌশলী শ্যামল দত্ত জানান, তাদের টিম ঘটনাস্থল ঘুরে দেখে এসেছে। বুধবার ভেঙ্গে যাওয়া স্থানে রিং বাঁধের কাজ শুরু হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial