পিরোজপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদন্ড
পিরোজপুরে ইয়াবাবড়ি কেনা বেচার দায়ে তিন মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের মোশারেফ মোল্লার ছেলে সোহানুর রহমানকে (২৭) সাত বছর কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দিয়েছেন। পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মনকাঠী গ্রামের ইনসান আলী খলিফার ছেলে আকাশ খলিফা (২০) ও বাগেরহাটের মোংলা উপজেলার মাকড়তোন গ্রামের সোহরাব মোল্লার ছেলে ফারুক মোল্লা (২৭) ইয়াবাবড়ি কেনা বেচার দায়ে ছয় বছর কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় সোহানুর রহমান উপস্থিত ছিলেন। আকাশ ও ফারুক অনুপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৩ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পিরোজপুর সদরের উত্তর শিকারপুর গ্রামে সোহানুর রহমানের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় সোহানুর রহমানের কাছ থেকে ১০০টি ইয়াবাবড়ি, আকাশ খলিফার কাছ থেকে ৬৫টি ইয়াবাববড়ি ও ফারুক মোল্লার কাছ থেকে ৬০টি ইয়াবাববড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ২৪ এপ্রিল মামলাটি তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত সাত জন সাক্ষীর সাক্ষ্য শেষে রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মোঃ আলাউদ্দিন।
