প্রধান সূচি

পিরোজপুরে আওয়ামী লীগের এমপি প্রার্থী শেখ এ্যানী রহমানের গাড়ী বহরে গুলির অভিযোগ

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাষ্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এর সহধর্মিনী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানী রহমানের গাড়ী বহরে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে পিরোজপুর শহরের দামোদর ব্রীজ এলাকায় এ গুলির ঘটনা ঘটে। এ সময় পাঁচ রাউন্ড গুলির শব্দ পাওয়া যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে সদর থানার সামনে ও অবকাশ হোটেল মোড়ে পরে চার রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।
পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রার্থী শেখ এ্যানী রহমান টুঙ্গীপাড়া থেকে মটরসাইকেল ও গাড়ী বিশাল বহর নিয়ে পিরোজপুর শহরে আসার সময় প্রথম দফা গুলি শব্দ পাওয়া যায়। এরপর মহিলা কলেজের সামনে বাসার কাছে পৌঁছালে তাঁর বেসরকারি নিরাপত্তা কর্মীরা বন্দুকের ফাঁকা গুলি ছোড়ে।
শেখ এ্যানী রহমানের সমর্থক নাজিরপুরের সাবেক যুবলীগ নেতা নজরুল ইসরাম জানান, আমরা মোটর সাইকেলের বহরে ছিলাম। শহরের রাজারহাট ব্রীজ পার হওয়ার পরেই কয়েক রাউন্ড গুলি করার ঘটনা ঘটে। মটর সাইকেল বহরের মধ্যে মুখ বাঁধা অবস্থায় কয়েকজন যুবক মোটর সাইকেল নিয়ে বহরে ঢুকে পড়ে গুলির ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
এদিকে, শহরের দামোদর ব্রীজ এলাকায় গাড়ি বহরে গুলি ছোড়া হয়েছে এ অভিযোগ তুলে শেখ এ্যানী রহমানের সমর্থকরা ঘটনার প্রতিবাদে রাতে শহরে মিছিল করে স্থানীয় বিলাস চত্বরে এক পথসভা করেন। পথসভায় জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সরদার ফারুক, ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি মাকসুদুল ইসলাম লিটন সিকদার ও জেলা যুবলীগের সাবেক নেতা গোপাল বসু বক্তব্য রাখেন। এসময় তারা এ্যানী রহমানের গাড়ী বহরে হামলার নিন্দা, দায়ীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবী করেন। এরপর মিছিলকারীরা এ্যানী রহমানের মরহুম পিতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এনায়েত হোসেন খানের বাসভবনের সামনে জড়ো হয়ে হয়ে এ ঘটনার প্রতিবাদে শ্লোগান দিতে থাকে।
শেখ এ্যানী রহমান জানান, তিনি পিরোজপুর-১ আসনে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এবং এলাকায় গণ সংযোগ করে যাচ্ছেন। তাঁর বিরোধীরা গাড়ী বহরের উপর হামলা ও গুলি চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবী করেন।
এদিকে পুলিশ এ্যানী রহমানের গাড়ী বহরে কোন ধরণের হামলার কথা জানে না বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক। তবে তিনি জানান, এ্যানী রহমানের সাথে থাকা নিরাপত্তা কর্মীরা দুই দফা বন্দুকের ফাঁকা গুলি ছোড়ে।
রাতের ঘটনার পর শহরে আতংক বিরাজ করছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, শেখ এ্যানী রহমানের গাড়ি বহরে গুলি করার ঘটনায় এ রিপোর্ট পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial