ইন্দুরকানীতে ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত
ইন্দুরকানীতে বেকার যুবক-যুব নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিটাকের ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই প্রোগ্রাম ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের সহযোগিতায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটাকের মহাপরিচালক ও শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মফিজুর রহমান। এসময় বক্তব্য রাখেন, বিটাকের পরিচালক ড. সৈয়দ মো. ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পলিসি স্পেশালিষ্ট আসাদ উজ জামান, সেপার প্রকল্প পরিচালক মো. ইকবাল হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম. মতিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মো. মনিরুজ্জামান, পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন হাওলাদার।
এদিকে, অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদীকে আমন্ত্রন করা হয়নি। উপজেলা পরিষদ চেয়ারম্যান তার কার্যালয়ে উপস্থিত থাকলেও তাকে বিষয়টি জানানো হয়নি। কিন্তু প্রোগ্রাম চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অফিসের লোক দিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবিরকে ডাকলে সে অনুষ্ঠানে যোগদান করেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির জানান, প্রোগ্রাম চলাকালীন আমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাকলে আমি অনুষ্ঠানে অংশগ্রহন করি।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, আমি উপজেলা পরিষদে থাকলেও প্রোগ্রামের বিষয়ে আমাকে অবহিত করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ জানান, উপজেলা চেয়ারম্যানকে এ প্রোগ্রামের বিষয়ে অবহিত করা হয়নি। তাই সে প্রোগ্রামে ছিলেন না।
উল্লেখ্য, বিটাকের সেপা প্রকল্পের আওতায় বেকার যুবক-যুব নারীদের প্রযুক্ত নির্ভর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ১৮ থেকে ৩০ বছর বয়সী বেকার যুবক-যুব নারীদের নিবন্ধন করা হয়। নিবন্ধন শেষে যাচাই-বাচাই করে ৩০ জন যুবককে ২ মাসের এবং ৩০ জন যুব নারীকে ৩ মাসের প্রশিক্ষন শেষে দেশের বিভিন্ন শিল্প ও কারিগরি কলকারখানায় চাকুরীর ব্যবস্থা করা হবে।
