ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে রিক্সা চালকের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ২নং ওয়ার্ডের কাউন্সিলর আফজাল আকনের বাড়ি সংলগ্ন একটি রিক্সা গ্যারেজে মঙ্গলবার রাতে ব্যাটারি চালিত রিক্সায় চার্জ দিয়ে গিয়ে আব্দুল ছালাম (৫০) নামে এক রিক্সা চালকের মৃত্যু হয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, রাজাপুরের সাতুরিয়া গ্রামের বাসিন্দা দুই সন্তানের জনক আব্দুস ছালাম ভান্ডারিয়ায় বাসা ভাড়া করে থাকতেন। প্রতি দিনের ন্যায় মঙ্গলবার রাতেও স্থানীয় ইদ্রিসের চায়ের দোকান থেকে একটি সাইড লাইন দিয়ে একটি ভাড়াটিয়া গ্যারেজে রিক্সায় চার্জ দিতে গেলে এ ঘটনা ঘটে। অবৈধ সাইড লাইনের বিষয়ে ১৩৩ কেভি ভোল্টের ভান্ডারিয়া উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন জানান, অবৈধ সাইড লাইনের বিষয় তিনি কিছু জানেন না।
ভান্ডারিয়া থানার ওসি মো. শাহাবুদ্দিন জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এবং ময়না তদন্তের দাবি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
