নাজিরপুরে সন্ত্রাসী হামলার শিকার জেলা পরিষদ সদস্য তিমির
পিরোজপুর জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির সন্ত্রাসী হামলার শিকার হয়ে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় উপজেলার ঘোষকাঠী বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় তাকে রক্ষা করার জন্য তার বড় ভাই তাপস হালদার এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে। ওই দিন রাতেই তাদের দু’জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৃনাল শিকদার ও খোকন শিকদার নামে দু’জন আটক করেছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) রাসেল সারোয়ার।
হাসপাতালে চিকিৎসাধীন তুহিন হালদার তিমির জানান, তিনি বুধবার সকাল থেকে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে পিরোজপুরে ছিলেন। বিকেল ৫টার দিকে নিজ এলাকায় এসে স্থানীয় ঘোষকাঠী বাজারে ব্যক্তিগত কার্যালয়ে বসা ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় মৃনাল শিকদার, খোকন শিকদার ও নির্মল শিকদার তার কার্যালয়ে ঢুকে তার উপর অর্তকিত হামলা চালায়। এসময় তিনি একাই সেখানে ছিলেন। তার ধারণা প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তাদের ইন্দনে পরিকল্পিতভাবে তারা এ হামলা চালিয়েছে। এসময় সন্ত্রাসীরা তাকে এলোপাথারীভাবে মারপিট করতে থাকলে চিৎকার শুনে তার বড় ভাই তাপস হালদার তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকেও মারপিট করে। স্থানীয়রা আহত অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।
অভিযুক্ত নির্মল শিকদার জানান, জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির ও তার ভাই তাপস হালদার তাকে মারপিট করেছে। তিনিও হাসপাতালে ভর্তি হয়েছেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সুলতান মাহমুদ জানান, এ ঘটনায় এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সংবাদ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে।
