ইউপি সদস্যের উপর হামলা ও চাঁদা দাবীর অভিযোগ
ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
জেলার ইন্দুরকানীতে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতার উপর হামলা ও চাঁদা দাবীর অভিযোগে আদালতের নির্দেশে ৩ সপ্তাহ পর মামলা নিয়েছে পুলিশ। ওই মামলায় বালিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কামরুল ইসলামসহ ৬ জনকে আসামী করা হয়েছে। মামলার অন্যন্য আসামীরা হলেন, আব্দুল জলিল শেখ, মাহাবুব হাসান, রেজাউল হাওলাদার, মনির হোসেন ও ওবায়দুল হাওলাদার।
গত ৩০ জুলাই ইউপি সদস্য ইয়াকুব আলী বাদী হয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে হামলা ও চাঁদা দাবীর অভিযোগে পিরোজপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করেন। আদালতের নির্দেশে গত মঙ্গলবার রাতে ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন মামলাটি এজাহারভূক্ত করে এস আই হুমায়ুন কবিরকে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই উপজেলার বালিপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী হাওলাদার রাস্তার কাজ করতে গেলে তার কাছে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুলসহ অন্যান্যরা চাদা দাবী করে এবং মারধর করে। পরে তিনি ৩০ জুলাই পিরোজপুর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে হামলা ও চাঁদা অভিযোগে বিচার চেয়ে আবেদন করেন। বিচারক আবেদনের শুনানি শেষে ইন্দুরকানী থানার ওসিকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহন করার নির্দেশ দেন।
মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ কামরুল ইসলাম জানান, ইউপি সদস্য ইয়াকুব আলীর সাথে হামলা ও চাঁদা দাবীর কোন ঘটনা ঘটেনি। আমার বাড়ির উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের খুটি সরিয়ে বসানোর দাবীকে কেন্দ্র করে ইউপি সদস্যের সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে। তাই তিনি হয়রানি করার জন্য আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছেন।
ইন্দুরকানী থানার ওসি নাসির উদ্দিন জানান, আদালতের নির্দেশে মামলাটি এজাহার হিসেবে গ্রহন করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে।
