অনার্স পরীক্ষাকেন্দ্রের দাবিতে ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন
ভাণ্ডারিয়ায় অনার্স পরীক্ষাকেন্দ্রের দাবিতে কলেজ শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে ভাণ্ডারিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা কলেজ সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সমাবেশে বক্তব্য রাখে, ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি মো. জুয়েল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, শিক্ষার্থী হাফিজা আক্তার, আয়শা আক্তার, বুশরা হোসেন, সাদিয়া আক্তার, কেয়া আক্তার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন একস্থানে দুই ধরনের নীতি চলতে পারে না। তিন কি.মি দীর্ঘ উত্তাল কঁচা নদী পার হয়ে ঝুঁকি নিয়ে পিরোজপুর জেলা সদরে গিয়ে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় অনার্স পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে। এতে সরকারী কলেজ শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন।
এ বিষয়ে ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমডি মাহবুব আলম বলেন, নিজ কলেজে তাদের পরীক্ষা দিতে সমস্যা হলে অন্য পরীক্ষার মত এ দেড় শতাধিক শিক্ষার্থীদের জন্য পৃথক একটি ভ্যেনু কেন্দ্রে অনুমোদন দিলে এ সমস্যার সমাধান সম্ভব। তা না হলে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হবে।
উল্লেখ্য শহরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এবং আমান উল্লাহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্রে অনার্স পরীক্ষা দেয়ার সুযোগ পেলেও ভাণ্ডারিয়া সরকারি কলেজের দেড় শতাধিক শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র এখনও পিরোজপুরে জেলা শহরে বহাল রয়েছে। ফলে নদী পার হয়ে প্রায় ২০ কিলোমিটার দুরে জেলা সদরে পরীক্ষায় অংশ নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা।
