বেড়েছে নতুন ভোটারের সংখ্যা
স্বরূপকাঠীতে চূড়ান্ত ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনের চূড়ান্ত ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। গত ৫ আগষ্ট এ তালিকা প্রকাশিত হয়।
তালিকায় পিরোজপুর-১ আসনের স্বরূপকাঠী উপজেলায় ৬৪টি ভোট কেন্দ্র হয়েছে। এসব ভোট কেন্দ্রের বিষয়ে কোন আপত্তি থাকলে ১৯ আগষ্টের মধ্যে আবেদন জমা দিতে হবে। বুধবার স্বরূপকাঠী উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন বলেন, ভোট কেন্দ্রের ব্যাপারে কারও কোন আপত্তি থাকলে নির্ধারিত তারিখের পর ৩০ আগষ্ট এর শুনানি চলবে। ৬ অক্টোবর উপজেলার চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশিত হবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সালে সর্বশেষ উপজেলা নির্বাচন পর্যন্ত স্বরূপকাঠীতে মোট ভোটার ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৪২২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৭২ হাজার ৭৩৬ জন এবং নারী ভোটার ছিল ৭০ হাজার ৬৮৬ জন।
নির্বাচন কর্মকর্তা জানান, ২০১৮ সালের সর্বশেষ ভোটার তালিকার হাল নাগাদ তথ্যানুযায়ী উপজেলার মোট ভোটার সংখ্যা হয়েছে ১ লক্ষ ৬২ হাজার ৯৫৪ জন। যার মধ্যে পুরুষের সংখ্যা ৮১ হাজার ৭৭৪ জন এবং নারী ভোটারের সংখ্যা ৮১ হাজার ১৮০ জন।
সূত্রমতে, ২০১৮ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী স্বরূপকাঠী উপজেলায় নারী পুরুষ মিলেয়ে মোট ১৯ হাজার ৫৩২ জন নতুন ভোটার হয়েছে।
