রামপালে ইউএনও’র নির্দেশে বন্ধ হলো সাইফুলের কাঠ পোড়ানো চুল্লি
শেষ-মেষ ইউএনও’র নির্দেশে বন্ধ হলো রামপালে সাইফুলের সেই কাঠ পুড়িয়ে কয়লা তৈরির চুল্লী। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম ও আহম্মদ আলীকে কাঠ চুল্লি বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য উপজেলার উজলকুড় গ্রামের সাইফুল ও আহম্মদ আলী নামের দুই ব্যক্তি দীর্ঘ ৫/৬ বছর ধরে অবৈধভাবে নিষিদ্ধ চুল্লি তৈরি করে কাঠ কয়লা তৈরি করে পরিবেশ ও বনজ সম্পদের ক্ষতি করে আসছিলেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই ব্যক্তিদের চুল্লিতে কাঠ পোড়ানো বন্ধ করার নির্দেশ প্রদান করলে ৬/৭ মাস চুল্লি বন্ধ থাকার পর তারা আবারও কাঠ পুড়িয়ে কয়লা তৈরি শুরু করেন। অভিযোগকারী উজলকুড় গ্রামের মৃত রুহল মোল্যার ছেলে বাদশা মোল্যা ৮ মাস পূর্বে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করলে তিনি চুল্লি বন্ধের নির্দেশ দেন। এরপর আবারও তারা চুল্লিতে কাঠ পোড়ানো শুরু করেন। এ বিষয়ে দৈনিক পিরোজপুর কন্ঠসহ বিভিন্ন পত্র-পত্রিকা সংবাদ প্রকাশিত হলে অবশেষে গত বৃহস্পতিবার পুনরায় ইউএনও’র দপ্তরে লিখিত অভিযোগ করলে তিনি ওই অভিযোগ আমলে নিয়ে সাইফুলকে চুল্লী বন্ধ করতে নির্দেশ দেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
