ভান্ডারিয়া পৌরসভার ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায় বৃহস্পতিবার পৌরসভার অস্থায়ী কার্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছরে ৩৬ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৫০০ শত টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাহীন আক্তারের সভাপতিত্বে উপস্থিত পৌর কাউন্সিলর ও সহায়ক সদস্যদের উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌর সচিব মো. আনোয়ার হোসেন।
এবছরের বাজেট ২০১৭-১৮ অর্থ বছরের তুলনায় তিনগুন। বাজেট পৌর ভবন নির্মানের জন্য জমি অধিগ্রহন ও ভবন নির্মান, পৌরসভার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির সংস্কার, বৃক্ষরোপন, রাস্তা, বাজার আলোকিত করন, ড্রেন ফুটপাত নির্মান ও সংস্কার, কর্মকর্তা-কর্মচারীর বেতনসহ পৌর নাগরিক সুবিধার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহনের বরাদ্ধ রেখে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। এসব খরচ পৌরসভার ইজারার টাকা, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, এডিপি ফান্ডসহ রাজস্ব আয় থেকে খরচ করা হবে বলেও উল্ল্যেখ করা হয়। এছাড়া কবরস্থান ও শ্মশানে অস্বচ্ছলদের শেষ কৃত্য সম্পন্ন করা হবে বিনামূল্যে বলে জানান পৌর প্রশাসক।
এসময় মুক্ত আলোচনায় অংশ নেন পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সহায়ক সদস্য মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মো.ইউসুফ আলী আকন, মো. জালাল সিকদার, মো. মানিক হাওলাদার, আব্দুল সালেক তালুকদার, হারুন অর রশিদ মুন্সি, এনামুল কবির টিপু তালুকদার, বেবি আক্তার, মঞ্জু রানী সিংহ, ফাতেমা আক্তার, সহ-সহায়ক সদস্য মো. স্বপন সিকদার, মো. ছগির হোসেন পোদ্দার প্রমূখ।
