প্রধান সূচি

আল্লাহর প্রতি ঈমান ও নিজেদের মধ্যে ঐক্য এলাকায় উন্নয়নকে তরান্বিত করে … আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, মহান আল্লাহর প্রতি বান্দাদের ঈমান মজবুত হলে এবং নিজেদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় থাকলে সে জনগোষ্ঠি তথা সংশ্লিষ্ট এলাকায় স্বাভাবিকভাবেই উন্নয়ন সাধিত হয়। দক্ষিণাঞ্চলবাসীর প্রতি আল্লাহর রহমতসহ বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন হয় বলে আমরা এ অঞ্চলের মানুষ বেশী বেশী করে উন্নয়নের অংশীদার হই। এই জন্য কৃতজ্ঞ এলাকাবাসী হিসাবে আমাদের উচিত আগামীতেও যাতে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসতে পারে তার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
তিনি আজ মঙ্গলবার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গায় এক অনুষ্ঠানে সমবেত গ্রামবাসীদের উদ্দেশ্যে আরও বলেন, যে পর্যন্ত আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং আল্লাহর প্রতি ঈমান অটুট থাকবে ততদিন এলাকার উন্নয়ন ঘটবে। আমরা বিগত ৩৪ বছর দক্ষিণাঞ্চল তথা ভান্ডারিয়ার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে চেষ্টা করে যাচ্ছি তার প্রতি সকলের সমর্থন রয়েছে। মানুষ ঐক্য ও আস্থার সাথে আমাদেরকে সহযোগিতা করায় এ সাফল্য অর্জিত হচ্ছে। ঝগড়া-বিবাদ, কলহ-কাইজ্যা পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে যে সুফল পাওয়া যায় তার দৃষ্টান্ত ভান্ডারিয়া বাসীর অতীত কাল থেকে স্থাপন করে আসছেন। কখনও কখনও নিছক ব্যক্তি প্রতিহিংসার বশেঃ গৌরীপুরে দু’জন জনপ্রিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন যা ছিল আমাদের জন্য অনভিপ্রেত। এ ধরণের অবাঞ্চিত-অনাকাঙ্খিত ঘটনা যাতে এ অঞ্চলে না ঘটে তার জন্য সব সময় আমাদের সজাগ থাকতে হবে।
আনোয়ার হোসেন বলেন, উন্নয়নসহ বিভিন্ন কাজে আমরা হচ্ছি নিয়মক মাত্র। আল্লাহর রহমত আছে বলে তাঁর ইচ্ছায় দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিজেদের ব্যপৃত রাখতে সক্ষম হচ্ছি। শেখ হাসিনার সরকারে বারবার মন্ত্রীত্ব লাভ এবং এরশাদ সরকারের সময় লাগাতারভাবে সাত বছর একসাথে মন্ত্রীত্ব করার সুযোগে অবহেলিত দক্ষিণাঞ্চলে কাজ করার সৌভাগ্য আমাদের হয়েছে। প্রায় ১০ বছর একটানা সরকারে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে স্থায়ীত্বশীল উন্নয়ন সাধনে সক্ষম হয়েছেন। আজ দেশে বিজ্ঞানভিত্তিক শিক্ষার সুযোগ সৃষ্টি হওয়ায় ভান্ডারিয়ার এই নিভৃত গ্রাম মাটিভাঙ্গায় একটি টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। সাধারণ শিক্ষায় মানুষের চাকরি পাওয়া তথা বেকারত্ব দূরীকরণ মুস্কিল বলে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। আল্লাহ-রসুল এবং ধর্র্ম যেমন চিরসত্য তেমনি উন্নয়নও মানুষের স্থায়ী চাহিদা। উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের চরিত্রের মধ্যে পার্থক্য থাকে। আমরা এখনও উন্নয়নশীল দেশের বলয় থেকে উত্তরণের প্রচেষ্টায়রত। মুসলিম সংখ্যাগরিষ্ট দেশে যেমন আমাদের মসজিদ-মাদ্রাসা স্থাপনের প্রয়োজন রয়েছে তেমনি সংখ্যালঘিষ্ট হিন্দুদের জন্য মন্দিরও নির্মাণ করতে হবে। আজকে আমাদের আনন্দের দিন এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘকালীন ক্ষমতার সদ্ব্যবহার করে সমগ্র দেশের মত এ অঞ্চলেও বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, নদী ভাঙ্গনরোধে রক্ষাপ্রদ বাঁধ, ভেড়ী বাঁধ ইত্যাদি নির্মাণ কাজ করতে আমরা সক্ষম হচ্ছি। এই জন্য প্রধানমন্ত্রী প্রতি আমরা কৃতজ্ঞ।
ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার ও মাটিভাঙ্গা টেকনিক্যাল বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহম্মেদ, ভান্ডারিয়া উপজেলার জেপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র উপজেলা সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য আব্দুল হাই হাওলাদার, মাটিভাঙ্গা টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ শাহার আলী সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল হক প্রমুখ।
এ সময় মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের মাটিভাঙ্গা টেকনিক্যাল স্কুলের চার তালা ভিত বিশিষ্ট একতালা একডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এছাড়া পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল মঙ্গলবার বিকালে এর আগে এলজিইডি’র ব্যবস্থাপনায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের নয়াখালী গালর্স হাইস্কুল হতে কানুদাসকাঠি সীমানা সড়ক পর্যন্ত সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরপর এলজিইডি’র ব্যবস্থাপনায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের মালিহার হাট হতে নতুন নলবুনিয়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের পৈকখালী হাজী এসএন জামান মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যমান একডেমিক ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এরপর বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে একই ইউনিয়নের রাঁধানগর কলেজ রোড হতে মনীন্দ্র ঘরামীর হাউজ টু মনীন্দ্র সাধু হাউজ পর্যন্ত সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন।
সন্ধ্যায় মন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের চার তালা ভিত বিশিষ্ট একতালা একডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এরপর একই ইউনিয়নের ডাক্তারেরহাটে শ্রীপুর ইউজেডআর ২০০৪ হতে পৈকখালী বাজার আরএসডি রোড ভায়া হানিফ মাদ্রাসা পর্যন্ত সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে উপজেলার ভান্ডারিয়া-কানুয়া সড়কের ছোট কানুয়া নামক স্থানে পোনা নদী ভাঙ্গনরোধে রক্ষাপ্রদ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসব কর্মসূচিতে পৃথকভাবে মন্ত্রী দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সকল কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আনোয়ার হোসেন মঞ্জু পথে পথে সমবেত জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উত্তর পৈকখালী শহীদ কাজি দেলোয়ার স্মৃতি সংঘ ও এতিমখানা, উত্তর পৈকখালী জাতীয় পার্টি-জেপি অফিস, নয়াখালী এরিক প্রতিবন্দ্বি বিদ্যালয়, পুলেরহাট বাজার, পৈকখালী বাজার প্রভৃতি স্থানে উপস্থিত মানুষের সাথে জনসংযোগ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial