প্রধান সূচি

পিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় শেখ এ্যানি রহমানের ৪ সমর্থক আহত

পিরোজপুরে দুর্বৃত্তদের দু’দফা হামলায় পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শেখ এ্যানি রহমানের ৪ সমর্থক আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে পিরোজপুর পৌর শহরের শান্তনা মোড় এলাকার টিপুর চায়ের দোকানের সামনের রাস্তায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ সময় এক ডাক্তারের চেম্বার ভাংচুর হয়।

আহতদের পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে।

হামলায় আহতরা হলেন, পিরোজপুর পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাবান আলী (৪৫), অনিক তালুকদার (২৭), রিয়াজ উদ্দিন বাবু (৩৫) এবং কাদের সিকদার (২২)।

পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসারত আহত শাবান আলী জানান, রাত সাড়ে ৮ টার দিকে রাজারহাট শান্তনা বেকারী এলাকায় টিপুর চায়ের দোকানে চা খেতে গেলে হঠাৎ করে ১৫/২০ জনের একটি দল এসে হামলা তরে তাকে (শাবান আলী) এলোপাথারীভাবে কিল, ঘুষি, লাথি মেরে আহত করে। পরে স্থানীয় ও তার সাথে থাকা লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ডা. এস দাসের চেম্বারে নিয়ে গেলে হামরাকারীরা ডাক্তারের চেম্বারে গিয়ে দ্বিতীয় দফা হামলা চালায় এবং ডাক্তারের চেম্বার ভাংচুর করে। দ্বিতীয় দফার  হামলায়  অনিক তালুকদার , রিয়াজ উদ্দিন বাবু এবং কাদের সিকদার আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পিরোজপুর সদর থানার ওসি এস. এম. জিয়াউল হক হামলার কথা স্বীকার করে জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

উল্লেখ্য, শেখ এ্যানি রহমান আওয়ামী লীগের সাবেক এমএলও এবং এমপি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এনায়েত হোসেন খান এর মেয়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকন এর সহধর্মিনী। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial