কাউখালীতে ছিন্নমুল শিশুদের নিয়ে ফল উৎসব
এখন চারদিকে মৌসুমি ফলের সমারোহ। আম, জাম, কাঁঠাল, আনারসসহ নানা ফলের মিষ্টি রসে মানুষ তৃপ্ত করছেন রসনা। দেশীয় ফলের সাথে সবার পরিচয় করিয়ে দিতে কিংবা রাসায়নিকমুক্ত ফল খাওয়াতে অনেক জায়গায় আয়োজন করা হয় ফলের প্রদর্শনী বা মেলার।
এমনই একটি উদ্যোগ নিয়েছিল পিরোজপুরের কাউখালী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। তারা শুক্রবার সকালে উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের আবাসনে বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের মধ্যে ফরমালিনমুক্ত আম বিতরণের মধ্য দিয়ে উদযাপন করেছে ‘ফল উৎসব’। আর এর উদ্যোক্তা ছিলেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দল লতিফ খসরু।
উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের আবাসনে বসবাসরত ৩০ জন শিশুকে নিয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় আবাসন প্রকল্পের সভাপতি চান মিয়া ও বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজনের বিষয়ে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল লতিফ খসরু বলেন, শিশুদের মৌসুমি ফল বিতরণ করতে পেরে ভালো লাগছে। এসব শিশুদের সহায়তা করতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
