স্বরূপকাঠীতে প্রতিপক্ষের হামলায় নিহত-১
জেলার স্বরূপকাঠী উপজেলায় বিরোধীয় জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিহির সমদ্দার (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার আদাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অরুন সমদ্দার নামে একজনকে গ্রেফতার করেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্ত্রী দীপ্তি সমদ্দার জানান, তার স্বামী মিহির সমদ্দারের রোপিত গাছের চারা প্রতিপক্ষ অরুন সমদ্দার ও তার ছেলে শাওন সমদ্দার বাপ্পী উপড়ে ফেলে। এসময় কোন কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষরা মিহিরের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সে একটি সুপারী গাছের ওপর পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এ অবস্থায় দীপ্তি সমদ্দার প্রতিপক্ষের হাত থেকে তার স্বামীকে বাঁচাতে ঘরে নিয়ে আসেন। ঘরে আনার সাথে সাথে মিহির মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে ওসি কেএম তরিকুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী দীপ্তি সমদ্দার বাদী হয়ে অরুন ও তার ছেলে শাওন সমদ্দারকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অরুন সমদ্দারকে গ্রেফতার করেছে।
