বাগেরহাটে ধ্বসে পড়েছে স্কুলের ছাদ
বাগেরহাটে স্কুল চলাকালীন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনের ছাদ ধ্বসে পড়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই স্কুলের ১১৫ জন শিক্ষার্থীসহ শিক্ষকরা। বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ছাদ ধ্বসের ঘটনা ঘটে।
দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা জানান, সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে। পরে স্কুল মাঠে এ্যাসেম্বলি শুরু হলে হঠাৎ বিদ্যালয় ভবনের বারান্দার ছাদ বিকট শব্দ করে ধ্বসে পরে। শিক্ষার্থীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করে। কোমলমতি শিক্ষার্থীরা ভীত সন্তস্ত হয়ে পরলে অভিভাবকরা এসে তাদের বাচ্চাকে বাড়িতে নিয়ে যান। স্কুল মাঠে এ্যাসেম্বলি চলাকালে সকলে ভবনের বাইরে অবস্থান করায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনের পলেস্তেরা খসে পড়ছিল এবং একাধিক স্থানে ফাটল দেখা দেয়। স্কুল ভবনটি ঝুকিঁপূর্ন হয়ে পড়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। বিকল্প কোন শ্রেনী কক্ষের ব্যবস্থা না থাকায় ওই ভবনেই শিক্ষার্থীদের ক্লাশ নেয়া হতো। স্কুল মাঠে এ্যাসেম্বলি চলায় হতাহতের হাত থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা রক্ষা পেয়েছেন।
