ভ্রাম্যমান আদালতের অভিযান
স্বরূপকাঠীতে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
স্বরূপকাঠী উপজেলার ৪টি ইট ভাটা, ২টি তেলের দোকান, ১টি বেকারী, ৫টি মিষ্টি, ও একটি মুদি দোকানসহ মোট ১৩টি ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন। ভ্রাম্যমান আদালত ওই ১৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করে।
ইটভাটা প্রস্তুত আইন-২০১৩ এর ধারা ৪ ও ৮ অনুযায়ী এ. হিরু ব্রিকসকে ৩০ হাজার টাকা, হুমাউন কবির ব্রিকসকে ১৫ হাজার টাকা, ইভা ব্রিকসকে ৮০ হাজার টাকা এবং ছারছীনা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই এর সনদ এবং অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য বাজারের অজিত মিষ্টি দোকানকে ২৫ হাজার টাকা, শ্রীগুরু দোকানকে ১৫ হাজার, ছিদাম সাহাকে ১০ হাজার, তপন দাস ১০ হাজার টাকা, ও শ্যামল ঘোষ মিষ্টির দোকানকে ১০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উর্ত্তীন্ন মালামাল ও ক্ষতিকারক রং ব্যবহারে দিদার বেকারীকে ৩০ হাজার টাকা এবং ওজনে কম ও বিএসটিআই এর সনদ না থাকায় দুটি অয়েল দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
