দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামীতে আবারও নৌকায় ভোট দিতে হবে … মোঃ মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামীতে আপনাদের নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। তা’না হলে আমরা উন্নত রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলতে পারবোনা। সরকারের ভিশন-২০২১ বাস্তিবায়িত হবেনা।
আজ সোমবার দুপুরে জেলার স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ আরও বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে মর্যাদার আসনে বসিয়েছেন। আপনাদের (জনপ্রতিনিধিদের) ভোটে আমি নির্বাচিত হয়েছি। অন্য দিকে আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তাই আপনারা জানেন এলাকার মানুষের কি চাহিদা। জনগনের চাহিদা খতিয়ে দেখে আপনারা (ইউপি সদস্যবৃন্দ) এলাকার উন্নয়নমূলক কাজের তালিকা করে জেলা পরিষদে পাঠাবেন। আমি অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের দেয়া সেই চাহিদা দেখে আগামী বাজেট থেকে প্রত্যেক ওয়ার্ডে একটি করে কাজ দিব। যাতে আপনাদের কাজে সন্তুষ্ট হয়ে আবারো এলাকার মানুষ আপানাদের নির্বাচিত করেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে পাঁচ দিনের মধ্যে দেশের জেলা পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আর জেলা পরিষদের কার্যক্রম বন্ধ মানে জেলার উন্নয়ন কার্যক্রমও বন্ধ হয়ে যাবে। কারণ এই জেলা পরিষদ নির্বাচন জননেত্রী শেখ হাসিনা এনেছেন। তার অবদানে জেলা পরিষদ নির্বাচন ব্যবস্থা সৃষ্টি হয়েছে।
সমুয়দয়কাঠি ইউপি চেয়ারম্যান এম. কে. সবুর তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্ত্যব্য রাখেন, স্বরূপকাঠি পৌর মেয়র জি. এম. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লাভলু আহম্মেদ, জেলা পরিষদের সদস্য মো. সেলিম, আহম্মেদ, আটঘর কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার, সোগাগদল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিখিল চন্দ্র, সাধারণ সম্পাদক হুমাউন বেপারী।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ কুমার বড়াল, সারেংকাঠি ইউপি চেয়ারম্যান মো. শেখ সায়েম, দৈহারী ইউপি চেয়ারম্যান প্রগতি মন্ডল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ দেশের জেলা পরিষদের চেয়ারম্যানদের সংগঠন জেলা পরিষদের চেয়ারম্যান এসোসিয়েশনের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান।
বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ উপজেলার জলাবাড়ি ইউনিয়ন পরিষদ এবং রাতে আটঘর-কুড়িয়ানা ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে অনরূপ মতবিনিময় সভা করেন।
আগামীকাল মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ স্বরূপকাঠী উপজেলার সারেংকাঠী ইউনিয়ন পরিষদ ভবনে উপজেলার সুটিয়াকাঠী, সোহাগদল, বলদিয়া, সারেংকাঠী ওয়ারেখা ও দৈহারী ইউনিয়নের চেয়ারম্যান এবং সদস্যদের সাথে মতবিনিময় সভা করবেন। একই দিন সন্ধ্যা ৭ টায় তিনি স্বরূপকাঠী পৌরসভা ভবনে স্বরূপকাঠী পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং স্বরূপকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।
উল্লেখ্য, ২০১৬ সালে দেশে প্রথমবারের মত জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ স্বতন্ত্রভাবে নির্বাচন করে বিপুল ভোটে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সম্পর্কে জনগণকে অবহিত করাসহ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষে তিনি মাঠ পর্যায়ে সফর করে জেলার তৃর্নমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে চলছেন এবং এলাকার উন্নয়নমূলক কর্মকান্ডের খোঁজখবর নিচ্ছেন।
