বিনম্র শ্রদ্ধায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথের মধ্য দিয়ে পিরোজপুরে সোমবার পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেয়া হয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা। আলোচনা সভা, কুচকাওয়াজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সোমবার প্রত্যুষে শহরের ভাগীরথী চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়। স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরনে ভোর ৬ টায় শহীদ স্মৃতিস্তম্ভে অর্পন করা করা হয় পুষ্পমাল্য।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ, যুব মহিলা লীগ, জেলা বিএনপি, সিভিল সার্জন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, সরকারী মহিলা কলেজ, জেলা দুর্নীতি
প্রতিরোধ কমিটি, পিরোজপুর প্রেসক্লাব, জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা বিদ্যালয়, আফতাব উদ্দিন মহাবিদ্যালয়, উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা জাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে।
সকাল ৮ টায় জেলা ষ্টেডিয়ামে রাষ্ট্রের পক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এবং পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর।
স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষে থেকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া দিনের কর্মসূচীর মধ্যে ছিল মসজিদ মন্দিরে দোয়া মোনাজাত ও বিশেষ প্রার্থনা। বিকেলে জেলা ষ্টেডিয়ামে
অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল খেলা, সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
