পিরোজপুরের গর্ব ফাহাদ ও সূচনা’র বাংলাদেশ যুব গেমসে স্বর্ণ পদক জয়
বাংলাদেশ যুব গেমসে পিরোজপুরের সন্তান ফাহাদ ও সূচনা জাতীয় পর্যায়ে তিনটি ইভেন্টে অংশগ্রহণ করে স্বর্ণ পদক অধিকার করেছেন। অনুর্ধ ১৭ দাবা প্রতিযোগিতায় ফাহাদ রহমান একক ও দৈত দুটি ইভেন্টে সেরা হয়ে দুটি স্বর্ণ পদক লাভ করেন এবং ওপেন সাইট এয়ার রাইফেলের সুটিং-এ মেয়েদের বিভাগে স্বর্ণ পদকটি লাভ করে জিন্নাত কবির সূচনা।
ফিদে মাস্টার খ্যাত ফাহাদ ফাহাদ পিরোজপুরের হয়ে প্রথমবারের মত যুব গেমসে অংশ গ্রহণ করেন। এর আগে ২০১১ সালে মাত্র ৮ বছর বয়সে জাতীয় সাব জুনিয়র দাবা প্রতিযোগিতায় ফাহাদ চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব রেকর্ড অর্জন করেছেন। এছাড়া ২০১৪ ও ২০১৫ সালে বাংলাদেশ জাতীয় সাব জুনিয়র দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। ফাহাদ নাজিরপুর উপজেলার তারাবুনিয়া সামন্তকাঠী গ্রামের বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলামের সন্তান।
অপরদিকে ১০ মিটার .১৭৭ ওপেন সাইট এয়ার রাইফেলের সুটিং-এ মেয়েদের বিভাগে ২৩৫ স্কোর করে শীর্ষস্থান অধিকার কারি জিন্নাত কবির সূচনা পিরোজপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। তার বাড়ি পিরোজপুর সদর উপজেলার শারিকতলা গ্রামে। তবে কিছু দিন পূর্বে তার মা শিউলি বেগম মারা যাওয়া এবং বাবা জাহাঙ্গীর কবির দুবাই প্রবাসী থাকায় বর্তমানে শিকারপুরের উত্তর পাড়ায় ফুপুর বাসায় থেকে পড়াশুনা ও প্রশিক্ষন চালাতেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব জানান, জিন্নাত কবির সূচনাকে আমরা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রশিক্ষনের ব্যবস্থা করেছি। তাকে জাতীয় পর্যায়ে পৌছাতে আমাদের সংস্থা সর্বাত্মক চেষ্টা করেছে। সূচনা ও ফাহাদের জয় আমাদের পিরোজপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের। তারা বিশ্ব দরবারে পিরোজপুরের নামকে আরও আলোকিত করবে এটাই আমাদের বিশ্বাস। এসময় তাদের এই জয়ের ধারা অব্যাহত থাকার কামনা করে তিনি বলেন, ক্রীড়া সংশ্লিষ্টদের প্রতি আমাদের সংস্থার সব সময় সহযোগিতা থাকবে।
