প্রধান সূচি

মুক্তিপণ দিয়ে ফিরে এলো মঠবাড়িয়ার তিন জেলে

মুক্তিপণের টাকা পরিশোধ করে ফিরে এলো পিরোজপুরের মঠবাড়িয়ার তিন জেলে। গত ৪ মার্চ রাতে বলেশ্বর নদীতে মাছ ধরতে যাওয়া অপহৃত তিন জেলে বনদস্যুদের নগদ টাকা, চাল, ডাল ও বাজার দিয়ে ছাড়া পেয়েছে। ৫ মার্চ সোমবার রাতে অপহৃত ইউনুসকে স্বজনরা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনে। বাকী দু’জন নিজাম ও রেজাউলকে ৬ মার্চ মঙ্গলবার দুপুরে ছেড়ে দেয়া হয়।

ফিরে আসা অপহৃত জেলেরা ও তার স্বজনরা ভয়ে মুক্তিপণের বিষয়ে মুখ না খুললেও স্থানীয় ইউপি সদস্য আফজাল বেপারী জানান, বলেশ্বর নদী থেকে তিন জেলেকে অপহরণের পর সুন্দরবনের গভীর অরণ্যে নিয়ে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে বনদস্যুরা। এরপর মুক্তিপণ হিসেবে প্রতি জেলে বাবদ ৪০ হাজার টাকা করে দুই দফায় স্বজনরা মোট ১ লাখ ২০ হাজার টাকা ও চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় বাজার দেয়ার পরে সুন্দরবনের চরখালী নামক স্থানে জেলেদের ছেড়ে দেয়া হয়।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, মুক্তিপণের টাকা ও নিত্যব্যবহার্য বাজার দিয়ে জেলেরা ছাড়া পেলেও তাদের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যাচ্ছে না। এছাড়া ঘটনাটি এ থানার আওতায় না হওয়ায় কোন ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

উল্লেখ্য, গত ৪ মার্চ রাতে স্থানীয় দক্ষিণ খেতাছিড়া গ্রাম থেকে ৭/৮জনের জেলে দল ৩টি নৌকায় করে বলেশ্বরের মাঝের চরের পশ্চিম দিকে মাছ ধরতে যায়। গভীর রাতে বনদস্যুরা নৌকায় হানা দেয়। এসময় জেলে ফারুকসহ ৩/৪ নদীতে লাফিয়ে রক্ষা পেলেও উপজেলার দক্ষিণ খেতাচিড়া গ্রামের ইয়াকুব কাজীর ছেলে ইউনুচ (৩৫), আকুব আলী কাজীর ছেলে নিজাম (২৫) ও নুর ইসলাম হাওলাদারের ছেলে রেজাউল (২২)কে মুক্তিপনের জন্য অপহরণ করে নিয়ে যায় ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial