মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের লাশ উদ্ধার
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোলাম কবির (৫৮) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের সবুজ নগর মহল্লায় নিজ বাসা থেকে সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগানো তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিন কন্যা সন্তানের জনক নিহত স্কুল শিক্ষক পার্শ্ববর্তী বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও ১১১নং পূর্ব ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশ লাশের ময়না তদন্তের জন্য বুধবার সকালে জেলা মর্গে প্রেরণ করেন।
জানা গেছে, শিক্ষক গোলাম কবিরের স্ত্রী ৫৮নং ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম মুন্নী স্কুল ছুটি শেষে বাবার গিয়ে রাতে নিজের বাসায় ফিরে সিলিং ফ্যানের সাথে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে। এসময় ঘরের বিছানা থেকে দুটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
মঠবাড়িয়া থানার ইন্সেপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী নুরজাহান বেগম অপমৃত্যু মামলা দায়ের করেছেন। নিহতের হাতের লেখা চিরকুটের বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।
