পিরোজপুরে নানা কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। ১৯৭১’র বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনকে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ^ ঐতিহ্যের অমূল্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিভিন্ন সংগঠন ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে।
আজ বুধবার সকালে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবীন আইনজীবী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য চন্ডিচরণ পাল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, আইনজীবী সমিতির সভাপতি খান মো. আলাউদ্দিন, মোস্তফা কামাল, আব্দুর রাজ্জাক খান বাদশা, সাঈদুর রহমান টিটো, দিলীপ কুমার মাঝীসহ আইনজীবী সমিতির সদস্যরা।
জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে পুস্তক প্রদর্শণী, বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৭১’র ৭ মার্চের মাত্র ১৮ মিনিটের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন শুনে এখনও সারা দেশের মানুষ উজ্জীবিত হয়ে ওঠে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ এই ভাষণের অবিচ্ছেদ্য অংশ। তিনি শিশুদের ৭ মার্চের ভাষন শোনার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য এবং আগামীতে এদেশকে নেতৃত্ব দিতে সবাইকে বেশী বেশী বই পড়তে হবে। আর এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোজম্মেল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন, প্রাক্তন প্রধান শিক্ষক সালেহ আহমেদ সেলিম ও আ.ফ.ম. রেজাইল করিম।
জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক কুইজ প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. মহসিন হোসেন তালুকদার। কুইজে বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহন করে। এ ছাড়াও বিভিন্ন স্কুল ও কলেজে আলাদা আলাদা কর্মসূচি পালন করা হয়।
