বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
টুঙ্গীপাড়ায় পানি উন্নয়ন বোর্ডের কাজ অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, টুঙ্গীপাড়াসহ পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোনে চলমান প্রকল্প সমূহ অগ্রাধিকারের ভিত্তিতে সম্পন্ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা বা শৈথিল্য কাম্য নয়। পাশাপাশি গৃহীত প্রকল্প সমূহ গ্রহণ করতে গিয়ে যেসব এলাকাবাসীর জমি অধিগ্রহণ করা হয়েছে তাদের ক্ষতিপূরণ প্রদানক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের প্রতি পাউবিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সহানুভূতিশীল হতে হবে।
তিনি গতকাল সোমবার বিকালে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার রেস্টহাউজ ‘বিজয়’ এ টুঙ্গীপাড়া উপজেলাসহ পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর জোনের চলমান প্রকল্প বিষয়ে প্রকৌশলীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। মন্ত্রী এ সময় দেড় মাস আগে অনুরূপ একটি সভায় টুঙ্গীপাড়ায় অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন প্রকল্প গ্রহণের নির্দেশনার কথা উল্লেখ করে তা শুরুর অগ্রগতির বিষয়ে জানতে চান। সভায় জানানো হয় ইতিমধ্যে টুঙ্গীপাড়া এলাকার বিভিন্ন নদী তীর সংরক্ষণে পাঁচটি জায়গায় প্রকল্প নেয়া হয়েছে। পাটগাতি-চিংগুরিয়া, গওহরডাঙ্গা, বাঘিরকূল, লেবুতলা, কোটালিপাড়ার কুরকলায় ঘাঘর নদীর তীর সংরক্ষণ প্রকল্পের মধ্যে রয়েছে। উল্লেখ্য পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আনোয়ার হোসেন মঞ্জু টুঙ্গীপাড়ার এসব প্রকল্পের জন্য অতিরিক্ত ১৬ কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। প্রকল্প গুলোর কার্যাদেশও দেয়া হয়েছে। বরাদ্দ ও তহবিল সংক্রান্ত সমস্যার কারণে অতীতে এসব কাজ শুরু করা যায় নি বলে এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দের কাছ থেকে জানতে পেরে মন্ত্রী বলেন, যেকোন মূল্যে এসব প্রকল্প শুরু করা উচিত ছিল। কোন কালক্ষেপণ না করে অবিলম্বে কাজ শুরু করতে হবে। কাজের কোন বিকল্প নাই, কাজ শুরু হলে অর্থের সংকট থাকবে না। সময় বসে থাকে না, সাহস ও আন্তরিকতা নিয়ে প্রকল্প সমূহ বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে মন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন। এছাড়া গোপালগঞ্জের চান্দার বিলের একটি খালের প্রকল্পের অগ্রগতি নিয়েও তিনি সভায় জানতে চান। পরে পানি সম্পদ মন্ত্রী গোপালগঞ্জ জেলায় পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজ পরিদর্শনের উদ্দেশ্যে বোর্ডের টুঙ্গীপাড়া উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয় যান এবং কার্যালয় চত্বরে একটি পুরানো বাসভবন মেরামত করে দ্রুত বসবাস উপযোগী করার নির্দেশ দেন। এ ছাড়া এখানে একটি উন্নতমানের রেস্টহাউজ নির্মাণের জন্য মন্ত্রী পাউবিকে বিশেষ নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহিদ উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ হেকিম ও গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. সফিউদ্দিনসহ পাউবি’র অন্যান্য প্রকৌশলী পানি সম্পদ মন্ত্রীকে চলমান প্রকল্প সম্পর্কে ধারণা দেন।
পানি সম্পদ মন্ত্রীর বঙ্গবন্ধু’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার :
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গতকাল সোমবার বিকালে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি সমাধি সৌধের পাদদেশে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয়। শেষে সমাধি কমপ্লেক্সে মসজিদের ইমাম মুফতি মো. নাওয়াব আলী মোনাজাত পরিচালনা করেন। এ সময় মন্ত্রীর সাথে ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জাতীয় পার্টি-জেপি’র কেন্দ্রীয় নেতা ইউসুফ আলী আকন, ভান্ডারিয়া উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, কাউখালী উপজেলা জেপি’র নেতা ও সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, আওয়ামী লীগের নেতা ও কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, টুঙ্গীপাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. সোলায়মান বিশ্বাস, গোপালগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম, দপ্তর সম্পদ হাফিজুর রশীদ তারেক, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটু, ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন প্রমুখ।
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বঙ্গবন্ধু’র সমাধি সৌধে পৌঁছলে টুঙ্গীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাকিব হাসান তরফদার মন্ত্রীকে স্বাগত জানান। টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মীর্জা পানি সম্পদ মন্ত্রীর সাথে ভিআইপি রেস্টহাউজে সৌজন্য সাক্ষাত করেন।
