নাজিরপুরে প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে কেন্দ্র সচিব বহিস্কার
পিরোজপুরের নাজিরপুরে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের সেট পরিবর্তনের অভিযোগে মাধব চন্দ্র দাস নামে এক কেন্দ্র সচিবকে বহিস্কার করা হয়েছে। উপজেলার সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোমবার এ ঘটনা ঘটে। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার ওই কেন্দ্রে জীববিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের ২৬৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। কেন্দ্রের সচিবের কারণে ওই দিনের জন্য বোর্ড কর্তৃক নির্ধারিত ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্ন ব্যবহার করা হয়েছে। তিনি আরো জানান, পরীক্ষা শুরু হওয়ার ২১ মিনিট পরে বিষয়টি কর্তৃপক্ষের চোখে ধরা পড়লে ওই সেট দিয়েই পরীক্ষা চালিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে পরীক্ষা শেষে ওই কেন্দ্রে গেলে কেন্দ্র সচিব ও উপজেলা সদরের সিরাজুল হক সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাধব চন্দ্র দাস এবং সহকারী কেন্দ্র সচিব উপজেলার শ্রীরামকাঠী ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ মন্ডলকে পরীক্ষা কেন্দ্রে পাওয়া যায়নি।
পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান সরদার জানান, কেন্দ্র সচিব জরুরী কাজে পরীক্ষা শুরুর পর পরই বরিশালে শিক্ষা বোর্ডে গেছেন। তবে তিনি পরীক্ষা শুরুর আগে প্রশ্ন বিতরণের সময় অন্যমনস্ক থাকায় ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্ন সরবরাহ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা জানান, এ ঘটনায় ওই কেন্দ্রের সচিব মাধব চন্দ্র দাসকে বহিস্কার করা হয়েছে। তবে পরীক্ষার্থীদের ব্যাপারে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে আলাপ করলে তারা ওই কেন্দ্রের উত্তর পত্রগুলো ডাক যোগে না পাঠিয়ে সরাসারি হাতে হাতে পাঠাতে নির্দেশ দিয়েছেন এবং তবেই তারা তা মূল্যায়ন করবেন।
