পিরোজপুরে পুলিশের তাড়া খেয়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু
পিরোজপুরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান বাবর (৩৫) এর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে পৌরসভার শেখ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আছাদুজ্জাদান বাবর পিরোজপুর পৌরসভার উত্তর নামাজপুর গ্রামের মৃত আনছার উদ্দিন হাওলাদারের ছেলে। সে ২০১৪ সালের অনুষ্ঠিত পিরোজপুর সদর উপজেলা নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলার রায় ঘোষণার পর থেকে পুলিশ নেতা-কর্মীদের আটকের জন্য পিরোজপুর পৌর শহরের শেখপাড়া ও মধ্যরাস্তা এলাকায় প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে অভিযান চালায়।
গত শনিবার রাত ৯টার দিকে পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাচনাইন পারভেজের নের্তৃত্বে এক দল পুলিশ শেখপাড়া এলাকার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আছাদুজ্জামন বাবরের বাড়িতে যান। এ সময় আছাদুজ্জামন বাবর বাড়ির সামনে ছিলেন। পুলিশ তাকে আটক করার জন্য ধাওয়া দিলে পুলিশের তাড়া খেয়ে বাবর দৌড়ে পালাতে গিয়ে বাড়ির পিছনের একটি গাছের সাথে ধাক্কা খেয়ে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ জানান, শনিবার রাত ১০ টার দিকে বাবরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
বাবরের মামা নেছারউদ্দিন শেখ অভিযোগ করেন, কোনো কারণ বা গ্রেফতারি পরোয়ানা ছাড়াই পুলিশ অহেতুক বাবরকে তাড়া করে। এতে সে গাছের সাথে ধাক্কা খেয়ে পানিতে পড়ে মারা যায়।
বাবরের স্ত্রী ডালিয়া বেগম ঘটনার পর অসুস্থ হয়ে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি হয়।
ডালিয়া অভিযোগ করেন, পুলিশ তার বাড়িতে ঢুকে বাবরকে ধাওয়া দেওয়ার সময় তার (ডালিয়া) সাথেও খারাপ আচরণ করেন।
পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিএনপির নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিএনপির নেতা-কর্মীরা পিরোজপুরে কোন নাশকতা করেনি। তারপরেও পুলিশ বিএনপির নেতা-কর্মীদের হয়রানী করছেন।
শেখপাড়া ও মধ্যরাস্তা সড়কের কয়েকজন বাসিন্দা জানান, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার অভিযানের নামে পুলিশ সাধারণ মানুষকে হয়রানি ও অর্থ বাণিজ্য করে চলছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক পুলিশের তাড়া দেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার রাতে পুলিশের কোন অভিযান ছিল না।
পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ তার বিরুদ্ধে বাবরের পরিবারের আনা অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার রাতে শেখপাড়া বা মধ্যরাস্তা এলাকায় পুলিশের কোন অভিযান ছিল না। তিনি হাসপাতালের ডাক্তারের বরাত দিয়ে বলেন, বাবব হার্ড এটার্ক এ মারা গেছে।
