প্রধান সূচি

ভোলার গ্যাস বরিশালে আনা হবে …. প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোলা থেকে উৎপাদিত গ্যাস পাইপ লাইনের মাধ্যমে বরিশালে আনা হবে। প্রতিটি ঘরে বিদ্যুৎ ও গ্যাসের শতভাগ চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে।
আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা ও নগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বরিশালবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ৩৯টি প্রকল্প উদ্বোধন করেছি, বিভিন্ন উপজেলায় ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আওয়ামী লীগের উন্নয়ন, জনগণের কল্যাণ।
শেখ হাসিনা বলেন, আজ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের সুবাতাস বইছে। সেই উন্নয়নের ছোঁড়া বরিশাল ও দক্ষিণাঞ্চলের সর্বত্র লেগেছে। বরিশালে অনেক ব্রিজ-কালভার্ট ও সড়ক নির্মাণ করেছি আমরা। বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।
এর আগে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে ৭২টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৫ বছরের সশ্রম কারাদন্ডের রায়কে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘২০১৫ সালে খালেদা জিয়া তার অফিসে বসে বলেছিলেন, আওয়ামী লীগ সরকার উৎখাত না করে তিনি ঘরে ফিরবেন না। আর আগুনে প্রায় সাড়ে তিনহাজার গাড়ি পোড়ালেন, ৫০০-এর কাছাকাছি মানুষ পুড়িয়ে হত্যা করলেন, তিন হাজার মানুষকে আহত করেছেন। আর করেছেন লুটপাট ও দুর্নীতি। আজকে তিনি (খালেদা জিয়া) কোথায়?’
প্রধানমন্ত্রী বলেন, আমরা উন্নয়নে বিশ্বাস করি, দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করি। আর বিএনপি কী করেছে, আপনারা বলুন। কাজেই মানুষের ওপর অত্যাচার করলে আল্লাহর আরশও কেঁপে যায়। যারা মানুষকে পুড়িয়ে হত্যা করে তার বিচার এমনই হয়, সেই বিচারই হচ্ছে। লজ্জা থাকলে জীবনে আর দুর্নীতি করবেন না খালেদা জিয়া, মানুষের অর্থ সম্পদ নেবে না। কোর্ট রায় দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নাই। কিন্তু অন্যায় করলে যে শাস্তি পায় সেটা আজ প্রমাণিত হয়েছে।
আওয়ামী লীগের শাসন আমলে দেশের মানুষ ভালো থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ খাত বিএনপি লুটপাট করে খেয়ে ফেলেছিল, আজ আমরা ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা অর্জন করেছি। সমস্ত চর এলাকায় আমরা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ দিচ্ছি। আমরা পরমাণু বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছি। আজ ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ২০২১ সালের মধ্যে আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করবো। শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় আসবে, বাংলাদেশের একটা ঘরও অন্ধকার থাকবে না।
বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা বলি স্বল্প উন্নত দেশ, যেটা জাতির পিতা অর্জন করে দিয়েছিলেন। এখন আমরা এক ধাপ ওপরে উঠবো। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা এগিয়ে যাবো। আমাদের এই অঞ্চলের সব দেশ এখন উন্নয়নশীল। বাংলাদেশ আর স্বল্পোন্নত থাকবে না, নি¤œ আয়ের থাকবে না। বাংলাদেশ আরও একধাপ এগিয়ে যাবে। ইনশাল্লাহ মার্চ মাস থেকেই এটা শুরু হবে। আমরা যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি, তাতে বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত দেশ হিসেবে প্রতিষ্ঠা করবো।
জনসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial