পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা
আইনজীবী সমিতির সাবেক সভাপতিকে মারধরের অভিযোগ
চরম উত্তেজনার মধ্য দিয়ে পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচন শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছিল।
এদিকে, ভোট চলাকালীন সময় পিরোজপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক আহম্মেদ সরদারকে মারধর করেছে দুর্বৃত্তরা।
সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টায় জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহন শুরু হয়। সকাল সাড়ে ৯ টার দিকে ভোট চলাকালীন সময় স্বতন্ত্র সভাপতি প্রার্থী কানাই লাল বিশ্বাস এর সমর্থক পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ফারুক আহম্মেদ সরদারের সাথে আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট শহিদুল হক খান পান্নার সাথে বাকবিতন্ডা হয়। এরপর আইনজীবী সমিতির নির্বাচনের আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী এডভোকেট খান মো. আলাউদ্দিন এডভোকেট পান্নার পক্ষ নিলে তার সাথেও ফারুক সরদারের কথাকাটি হয়। এ ঘটনার পরে ভোট দিয়ে দুপুর ১২ টার দিকে ফারুক আহম্মেদ সরদার কোর্ট এলাকা থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে জেলা এসপি অফিসের অদূরে পিরোজপুর-হুলারহাট সড়কের আম্বিয়া হাসপাতালের সামনের রাস্তায় ৭/৮ জন দুর্বৃত্ত এডভোকেট ফারুক সরদারের উপর হামলা করে মারধর করে। দুর্বৃত্তরা তাকে অটোরিক্সা থেকে টেনেহিচড়ে নামিয়ে তার মাথা ও শরীরের বিভিন্নস্থানে পিটিয়ে এবং কিল-ঘুষি, লাথি মেরে আহত করে। হামলাকারীরা তার জামা-প্যান্টও ছিড়ে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ফারুক আহমেদ সরদার অটো রিক্সায় চড়ে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক থেকে বের হয়ে আম্বিয়া হাসপাতালের সামনে এলেই দুর্বৃত্তরা তার উপর হামলা করে রাস্তার উপর ফেলেই বেদম মারধর করে।
এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে। পরে ফারুক সরদার আহত অবস্থায় অটোরিক্সায় চড়ে আইনজীবী ভবন চত্বরে গেলে আইনজীবীরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
এডভোকেট ফারুক সরদার অভিযোগ করেন, আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী আলাউদ্দিন খানের লোকজন তার (ফারুক সরদার) উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী এবং জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এডভোকেট খান আলাউদ্দিন বলেন, এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নাই। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে হামলার নাটক সাজানো হয়েছে। তাছাড়া সে একজন নেশাগ্রস্থ লোক, নেশা করে রিক্সা থেকে পড়ে যেতে পারে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী পরিষদ ২১টি পদের সবগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি সমর্থিত প্যানেল সভাপতি পদ বাদে সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে নির্বাচন করছে। এছাড়া জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট কানাই লাল বিশ্বাস সভাপতি পদে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন। নির্বাচনে ২১টি পদে দুই প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার রয়েছেন ২৭৫ জন।
