পিরোজপুরে আমন উৎপাদনে নতুন রেকর্ড
পিরোজপুরে এবার আমন চাল এর উৎপাদন অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। চলতি বছরে আমন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৪ হাজার ৪শ’ ১৮ মেট্রিক টন নির্ধারণ করা হলেও উৎপাদন হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৪শ’ ৩১ মেট্রিক টন যা লক্ষ্যমাত্রার চেয়ে ২০ হাজার মেট্রিক টন বেশি।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলায় ১০ হাজার ২শ’ ১০ হেক্টরে ২০ হাজার ৩শ’ ৪২ মেট্রিক টন, ইন্দুরকানীতে ৫ হাজার ৪শ’ ৩৬ হেক্টরে ১১ হাজার ৩১ মেট্রিক টন, কাউখালীতে ৪ হাজার ৬শ’ ৫০ হেক্টরে ৮ হাজার ৯শ’ ৭ মেট্রিক টন, নেছারাবাদে ৯ হাজার ৪শ’ ৬৫ হেক্টরে ১৬ হাজার ৪শত ৩১ মেট্রিক টন, নাজিরপুরে ৭ হাজার ৯৯ হেক্টরে ১৬ হাজার ৩শ’ ৭৫ মেট্রিক টন, ভান্ডারিয়ায় ৮ হাজার ১শ’ ৯৫ হেক্টরে ১৫ হাজার ৯শ’ ৪০ মেট্রিক টন এবং মঠবাড়িয়ায় ২০ হাজার ৩শ’ ৭০ হেক্টরে ৪৫ হাজার ৪শ’ ৫ মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন রায় জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থ বছরে হাইব্রিড, উফশী, স্থানীয় রোপা, স্থানীয় বোনা মিলিয়ে ৬৫ হাজার ৪শ’ ২৫ হেক্টরে আমনের চাষ করা হয় এবং চাল উৎপাদনের পরিমাণ দাড়ায় ১ লাখ ৩৪ হাজার ৪শ’ ৩১ মেট্রিক টন।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জাফর জানান, আমন চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে।
