পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
পিরোজপুরে দুদুকের হাতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা গ্রেফতার
পিরোজপুর জেলায় সদ্য যোগদানকৃত জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামকে কিশোরগঞ্জ থানার দুর্নীতি দমন আইনের একটি মামলায় দুদক আজ বুধবার বিকেলে পিরোজপুর সার্কিট হাউজ থেকে গ্রেফতার করেছে। তাকে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সিফাত উদ্দিন জানান, কিশোরগঞ্জ জেলায় একই পদে (ভূমি অধিগ্রহণ কর্মকর্তা) কর্মরত থাকাকালে উক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে সরকারের নগদ পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার কিশোরগঞ্জ মডেল থানায় মামলা হয়।
জাল-জালিয়াতি ও প্রতারণা করে একটি ভূয়া ভূমি অধিগ্রহণ ফাইল খুলে সরকারের সিনিয়র সহকারি সচিব মর্যাদার এ কর্মকর্তা বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রাম প্রসাদ মন্ডল দন্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ও ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারায় একটি মামলা করেন। মামলা নং ৩১(১৭/১/২০১৮)। এ মামলা বলে দুদক থেকে রিকুইজিশন পেয়ে বরিশাল দুদকের একটি দল সেতাফুল ইসলামকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আটক কর্মকর্তাকে কিশোরগঞ্জ পাঠানো হবে।
উল্লেখ্য, আটক সেতাফুল ইসলাম গত ১৩ জানুয়ারী পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয় যোগদান করেন। এর আগে কিশোরগঞ্জে দেড় বছরের অধিক সময় তিনি কর্মরত ছিলেন। তার বাড়ী রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভেন্না গ্রামে বলে জানা গেছে।
মামলা ও গ্রেফতার সম্পর্কে সেতাফুল ইসলাম কোন মন্তব্য করতে রাজি হন নি, তবে ন্যায় বিচার আশা করেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী বলেন, ‘সেতাফুল ইসলামকে পিরোজপুরে পদায়ন করা হয়েছিল। ১৩ ডিসেম্বর তিনি পিরোজপুরে যোগদান করে চলে যান। এরপর থেকে তাঁর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। পিরোজপুরের পরে তাঁকে ভোলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। সর্বশেষ তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।
