যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে বসাতে হবে … ড. কাজী খলীকুজ্জামান
দেশের কাঙ্খিত উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে বসাতে হবে বলে মন্তব্য করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
আজ শনিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার শতভাগ ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বানামধন্য এ অর্থনীতিবিদ প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, যে কোন কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সঠিক সমন্বয় দরকার। কারণ সমন্বয়ের অভাবে অনেক উন্নয়নমূলক কাজই সঠিকভাবে সম্পন্ন করা যায় না।
বেসরকারি সংস্থা ডাক দিয়ে যাই এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দিকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসিম উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন, ডাক দিয়ে যাই’র নির্বাহী পরিচালক মো. শাহজাহান গাজী, রিক’র নির্বাহী পরিচালক আবুল হাসিব খান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান চাঁন মিয়া মাঝি, শংকরপাশা ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সিকদারমল্লিক ইউপি চেয়ারম্যান এডভোকেট শহিদুল ইসলাম, কলাখালী ইউপি চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল।
