মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের ৯ শিক্ষককে এমপিওভুক্তি করার নির্দেশ
মঠবাড়িয়ার মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের ৯ জন শিক্ষককে এমপিওভুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ রায় দেন।
মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার। ওই কলেজের প্রভাষক প্রশান্ত কুমার মিত্র, মুহাম্মদ আবদুল কাইয়ুম, বদরুজ্জামান সিকদার, বিশ্বজিৎ চক্রবর্তী, দীপংকর সিকদার, ফাতেমাতুজ্জোহরা, সিরাজুল হক, প্রনব চৌধুরী, জাহিদ হাসান এর করা রিট আবেদনে মহামান্য হাইকোর্ট এ রায় প্রদান করেন। ওই রায়ে প্রনব চৌধুরী, জাহিদ হাসানের ১৭ বছরের বকেয়া বেতন এবং অন্য ৭ শিক্ষকের যোগদানের দিন থেকে বেতন প্রদানেরও নির্দেশ দেয়া হয়।
এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ) শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ জনবল কাঠামো সম্পর্কিত নির্দেশিকা অনুযায়ী দেয়া হয়। এ নীতিমালা অনুযায়ী এমপিওভুক্তির শর্তপূরণ করলেই কর্তৃপক্ষ এমপিও দিয়ে থাকে।
