নিখোঁজের দুই দিন পর
পিরোজপুরে পুকুর থেকে দেড় বছরের শিশুর লাশ উদ্ধার
পিরোজপুরে নিখোঁজের দুই দিন পরে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ররিবার দুপুরে পৌর শহরের মধ্যরাস্তা এলাকার সরদার বাড়ির একটি পুকুর থেকে ঝুমুর আক্তার নামের ওই লাশ উদ্ধার করা হয়।
ঝুমুর মধ্যরাস্তা এলাকার চটপটি বিক্রেতা জাহিদ হোসেনর দ্বিতীয় স্ত্রীর মেয়ে।
পুলিশ জানায়, জাহিদ মধ্যরাস্তা এলাকার ভাড়া বাড়িতে দুই স্ত্রী নিয়ে থাকতেন। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে জাহিদের দ্বিতীয় স্ত্রী মুক্তা তার মেয়ে ঝুমুরকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে জাহিদ বাসায় ফিরে মুক্তার পাশে ঝুমুরকে না দেখে দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। কিন্তু কেউ ঝুমুরের ব্যাপারে কিছুই বলতে পারেন নি।
এরপর শনিবার মুক্তা আক্তার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় তার মেয়েকে অপহরণের অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। রবিবার মধ্যরাস্তা এলাকার একটি পুকুরে ঝুমুরের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দেড় টার দিকে লাশটি উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ জাহিদের প্রথম স্ত্রী মনি বেগমকে গ্রেফতার করেছে।
সদর থানার ওসি তদন্ত হাসনাইন পারভেজ জানান, শুক্রবার রাতে শিশুটি মায়ের কাছে ঘুম থাকা অবস্থায় নিখোঁজ হলে পরদিন শিশুটির মা মুক্তা বেগম থানায় অপহরণ মামলা দায়ের করে। পরে গতকাল রবিবার দুপুরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে অপহরণ ও হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে জাহিদের প্রথম স্ত্রী মনি বেগমকে গ্রেফতার করা হয়েছে।
