নারীসহ নিহত-২ ॥ আহত-৪৫
বাগেরহাটে যাত্রীবাহী বাস খাদে
বাগেরহাটের কচুয়ায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৫ জন। মঙ্গলবার দুপুরে বাগেরহাট-পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার বকুলতলার কাছে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনা কবলিত বাস ও বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ করছে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন মনিরা বেগম (৩৫)। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার রাহুদকাঠি গ্রামে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল কবির বলেন, বেলা সাড়ে ১২ টার দিকে খুলনা থেকে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বকুলতলা এলাকায় রাস্তার পাশে খালে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে পৌছে পানির নিচে থাকা বাস থেকে নারীসহ তিনজনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক নারীসহ দুজনকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনা কবলিত বাসটি ও তাতে থাকা যাত্রীদের উদ্ধারে কাজ চলছে। এই বাসে কতজন যাত্রী ছিল তা এখই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসক মনীষা মন্ডল বলেন, পানিতে ডুবে যাওয়া দুই নারীসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে নারীসহ দুজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আরো কয়েকজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
