ভান্ডারিয়ায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক পরিচালক বরিশাল অঞ্চল মো. আখতার হোসেন।
ভান্ডারিয়ার ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী’র সভাপতিত্বে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম, দুদক সহকারী পরিচালক বরিশাল অঞ্চল মো. নাজমুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি মো. সাইফুদ্দিন গিয়াস, ওসি মো. কামুরুজ্জামান তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাওলাদার আব্দুর রশিদ মাস্টার, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন প্রমূখ।
সভায় প্রধান অতিথি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উপজেলার প্রতিটি কর্মকান্ডে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত। দেশ থেকে সব দুর্নীতি নির্মূল করতে করতে না পারলেও তা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। আর সে জন্য সকলকে যার যার স্থান থেকে নিজেদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক কাজ করতে হবে। দুপুরে উপজেলার নয়াখালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি।
এর পূর্বে প্রধান অতিথি মো. আখতার হোসেন সকল ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
